ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই প্রথম মার্কিন সেনার প্রাণহানির খবর জানাল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
তারা জানায়, ইরানের সঙ্গে যুদ্ধে তাদের তিন সেনা নিহত এবং ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম।
নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।
ইরানের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমেরিকান বীরদের প্রাণহানি হতে পারে। আমাদের পক্ষে হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমন হয়।”
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তিন সেনার মৃত্যুর খবর জানালেও বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হানেনি।
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী এর আগে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইরানের গণমাধ্যমে। তবে সেই ক্ষেপণাস্ত্রগুলো এমনকি রণতরীর ধারেকাছেও পৌঁছায়নি বলে জানিয়েছে সেন্টকম।
বরং উল্টো ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে রোববার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

































